"চাকরি খুঁজছেন?" - সোশ্যাল মিডিয়ার ৯৫% বিজ্ঞপ্তিই ভুয়া! চেনার ৯টি উপায় জেনে নিন
আমরা সবাই জানি বর্তমানে চাকরির বাজারের অবস্থা কতটা নাজুক। সরকারি চাকরি পাওয়া তো এখন সোনার হরিণ, তাই বাধ্য হয়ে আমাদের বেসরকারি চাকরির দিকে ঝুঁকতে হয়। বেকারত্বের এই সুযোগ নিয়ে এক শ্রেণির প্রতারক চক্র সোশ্যাল মিডিয়া, এমনকি বিডিজবস (Bdjobs) বা পত্রিকার পাতায় ভুয়া চাকরির ফাঁদ পেতে বসে আছে।
আমি নিজেও একজন চাকরিপ্রার্থী এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আপনি কি জানেন? সোশ্যাল মিডিয়ায় দেখা প্রায় ৯৫% চাকরির বিজ্ঞাপনই ভুয়া! অনেকে না বুঝে লোভে পড়ে টাকা ও সময় দুটোই নষ্ট করছেন। সত্যি বলতে, আমি নিজেও একবার এদের ফাঁদে পড়ে ৩০০০ টাকা হারিয়েছিলাম। তাই আমার সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আজ আপনাদের কিছু ট্রিক্স শেয়ার করব, যাতে আপনারা দেখলেই বুঝতে পারেন কোনটি আসল আর কোনটি ভুয়া।
ভুয়া চাকরির বিজ্ঞাপন চেনার ৯টি লক্ষণ
কোনো চাকরির সার্কুলার দেখার পর যদি নিচের লক্ষণগুলো মিলে যায়, তবে ৯৯% নিশ্চিত থাকুন সেটি প্রতারণা:
- ১. ইন্টারভিউয়ের জন্য সরাসরি কল: কোনো প্রফেশনাল কোম্পানি হুট করে আপনাকে ব্যক্তিগত নাম্বার থেকে কল করে ইন্টারভিউতে ডাকবে না। তারা সাধারণত ইমেইল বা এসএমএস করে এবং এরপর অফিসিয়াল নাম্বার থেকে কল করে।
- ২. অস্পষ্ট লোকেশন: তারা অফিসের ঠিকানায় সরাসরি যেতে বলবে না। কল করে বলবে, "অমুক জায়গায় বা বাস স্ট্যান্ডে এসে আমাদের নাম্বারে কল দিন, আমরা রিসিভ করব।" মনে রাখবেন, ভালো কোম্পানির অফিস চিপা গলিতে বা লুকানো জায়গায় হয় না।
- ৩. শিক্ষাগত যোগ্যতা ও বেতনের অসামঞ্জস্য: সার্কুলারে দেখবেন খুব লোভনীয় অফার দেওয়া আছে। যেমন: বেতন ১৫,০০০-১৮,০০০ টাকা, থাকা-খাওয়া ফ্রি! অথচ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাত্র JSC, SSC বা HSC পাস। এত কম যোগ্যতায় এত সুযোগ-সুবিধা কোনো কোম্পানি দেয় না।
- ৪. ফেক বা মেয়েদের আইডি: ফেসবুকে লক্ষ্য করবেন, বেশিরভাগ ভুয়া সার্কুলার কোনো সুন্দরী মেয়ের ছবি দেওয়া আইডি (Fake Female ID) থেকে পোস্ট করা হয়, যাতে মানুষ সহজে আকৃষ্ট হয়।
- ৫. কোম্পানির নাম গোপন রাখা: সার্কুলারে লেখা থাকবে "একটি স্বনামধন্য কোম্পানি" বা "বিখ্যাত গ্রুপ অব কোম্পানিজ"—কিন্তু নির্দিষ্ট কোনো নাম থাকবে না। আসল কোম্পানি সবসময় গর্বের সাথে নিজেদের নাম প্রকাশ করে।
- ৬. টাকা দাবি করা: এটি সবচেয়ে বড় লক্ষণ। তারা বলবে, "চাকরি কনফার্ম, কিন্তু ইউনিফর্ম বা আইডিকার্ড বাবদ কিছু টাকা জমা দিতে হবে।" মনে রাখবেন, চাকরি পেতে কখনো টাকা লাগে না।
- ৭. থাকার প্রস্তুতি নিয়ে আসা: কল করে এমনও বলতে পারে, "আপনাকে আমাদের কোম্পানি সিলেক্ট করেছে, আপনি অমুক দিন থাকার জন্য বেড-পত্র বা লট-কম্বল নিয়ে চলে আসেন।" এটি সম্পূর্ণ ভুয়া।
- ৮. সিভি পাঠানোর মাধ্যম: কোনো প্রফেশনাল কোম্পানি হোয়াটসঅ্যাপ (WhatsApp) বা ব্যক্তিগত ইমেইলে (যেমন: gmail.com) সিভি চায় না। তাদের নিজস্ব কর্পোরেট ইমেইল বা ওয়েবসাইট থাকে।
- ৯. ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার: অনেক সময় বিশ্বাস অর্জনের জন্য তারা বলে, "মাদ্রাসার হুজুর বা ছাত্ররাও এই কাজ করতে পারবেন" অথবা "নামাজী হতে হবে"। এটি তাদের আবেগী ফাঁদ।
শেষ কথা
বেকার থাকা কষ্টের, কিন্তু ভুয়া চাকরির পেছনে ছুটে টাকা হারানো আরও বেশি কষ্টের। তাই কোথাও আবেদন করার আগে বা টাকা দেওয়ার আগে ১০ বার ভাবুন। কোম্পানি সম্পর্কে গুগলে সার্চ করুন এবং পরিচিতদের সাথে পরামর্শ করুন।
সাবধান হোন, সচেতন থাকুন। এই পোস্টটি শেয়ার করে আপনার অন্য বেকার বন্ধুদেরও প্রতারণার হাত থেকে বাঁচান।
